বরগুনা আদালতে আসামির হামলায় ৩ পুলিশ সদস্য আহত

আপডেট: September 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:::

বরগুনায় আদালতের এজলাসে এক আসামির হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। জামিন না পেয়ে ওই আসামি উত্তেজিত হয়ে ওঠেন। হাতকড়া পরাতে গেলে তিনি পুলিশের ওপর হামলা করেন। গতকাল বুধবার দুপুরে বরগুনায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম ওই আসামিকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের বেঞ্চ সহকারী নাদিরা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ড পাওয়া আসামি মো. বশির ( ৪৫) বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, একটি মামলায় আসামি মো. বশির অস্থায়ী জামিনে ছিলেন। আজ মামলার শুনানি চলাকালে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এতে ক্ষিপ্ত হয়ে মো. বশির এজলাসেই বিচারকের উদ্দেশে কটু ও অশ্লীল মন্তব্য করেন। আইনজীবীরা তাঁকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে পুলিশ তাঁকে হাতকড়া পরাতে যায়। বিচারকের উপস্থিতিতেই তিনি পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। এতে পুলিশ সদস্য মো. সিদ্দিক, মো. শাহজাহান ও হনুফা বেগম আহত হন।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি কামরুল ইসলাম ফরাজি বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম একটি সিআর মামলা আমলে নিয়ে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে বশিরকে এক বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও স্বেচ্ছায় আঘাত করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহাবুব