ভাণ্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে বিপাকে শিক্ষার্থীরা

আপডেট: November 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 ভাণ্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রথমে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসার কেন্দ্র পরিবর্তন করে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় নির্ধারণ করা হলেও মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সে সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে নতুন কেন্দ্র পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসায় নির্ধারণ করে চিঠি দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নতুন নির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ওই চিঠিতে উল্লেখ করা হয়, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসা, ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫-এর পরীক্ষার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে পরবর্তী পরীক্ষাগুলো পার্শ্ববর্তী উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসায় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত করে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় পরবর্তী পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে কেন্দ্রটির পরিবেশ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। কিন্তু পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে নতুন কেন্দ্র নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন চিঠিতে আরও বলা হয়, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসা, কেন্দ্রের পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, টপশিট, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র, আয়-ব্যয়ের হিসাবসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নতুন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে আগামী ৪ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দিতে হবে।

চিঠিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার স্মারক ও সংশ্লিষ্ট আবেদনসহ পূর্ববর্তী সিদ্ধান্তের সূত্র উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে, একের পর এক কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পরীক্ষার ঠিক আগমুহূর্তে কেন্দ্র পরিবর্তনের কারণে পরীক্ষার্থীদের যাতায়াত ও প্রস্তুতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে।

তবে বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী ৫ নভেম্বর থেকে পরবর্তী পরীক্ষাগুলো জিয়ানগরের টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব