আপডেট: January 5, 2022
শিকদার মাহাবুব :
মির্জাগঞ্জে জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত
মনির মল্লিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে মনির মল্লিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ বুধবার আছরবাদ জানাজা নামাজ শেষে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামে পারিবারিক কবরস্থানে মনির মল্লিকের দাফন কার্য সম্পন্ন হয়। এর আগে ২ জানুয়ারী সন্ধ্যা সাড়ে সাতটায় মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের চাকরখালি গ্রামে ও বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামে দু’দফা হামলা চালায় প্রতিপক্ষ হায়দার মল্লিক,কামাল মল্লিক,স্বপন মৃধা,সামছের মল্লিক,ওমর ফারুক,সোহরাব মৃধা ও হাসেম মল্লিক। এদিকে মনির মল্লিক হত্যার ঘটনায় আজ দুপুরেই শেবামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব মৃধাকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, হত্যাকান্ডে জড়িত সন্দেহে সোহরাব মৃধাকে আটক করা হয়েছে।






