আপডেট: January 21, 2022
নিজস্ব প্রতিবেদক
খেতের ফসল খাওয়ায় ছাগল তাড়িয়ে দেওয়ার কারনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল (২০ জানুয়ারি) বিকেল পাচটার দিকে বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত অন্তঃসত্ত্বা গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত গৃহবধূর নাম ইমু আক্তার(১৯)। রাজগুরু নতুনচর এলাকার নাঈম হাওলাদারের স্ত্রী সে। শেবামেক হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ইমু আক্তার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল পাচটার দিকে আমাদের খেতের কলাই খায় প্রতিপক্ষের ছাগল। আমাদের খেতের ফসল রক্ষার্থে আমি প্রতিপক্ষের ছাগল তাড়িয়ে দেই। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ বেল্লাল বেপারী ও তার স্ত্রী মিনারা বেগম আমাকে মারধর করে। এক পর্যায়ে আমার তল পেটে লাথি মারলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে’। তবে মারধরের ঘটনায় প্রতিপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন,ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিন্তু থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।






