আপডেট: April 29, 2022
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর
মহাজোটের নেতা হওয়ার কারনে বিগত জোট সরকারের আমলে সর্বহারা ভয়ে পালিয়ে বেড়িয়েও জনগনের জন্য কাজ করা এক জনপ্রতিনিধি এখন পৈত্রিক সম্পতি বিক্রি করে সংসার চালাচ্ছেন। সততা ও দাপটের সাথে ৫ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান দায়িত্ব পালন করা মানুষটি এখন পায়ে হেটে ও রিক্সায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন তার জন্মস্থান ও নির্বাচনী এলাকায়। নিজে নগদ অর্থহীন হলেও অসহায় মানুষের খোজ খবর নিচ্ছেন অহরহ। বরিশাল জেলার উজিরপুর উপজেলার রাজনীতিতে জনপ্রিয় ও আপসহীন রাজনৈতিক নেতা আবুল কালাম আজাদ বাদলের কথা বলছি। ছাত্র জীবনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়া জাসদ নেতা রাজনীতিকে পেশা হিসাবে নিয়েছিলো। রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি হিসাবে সুনাম কুড়ানো জাসদ নেতা আবুল কালাম আজাদ বাদল জনগনের ভোটে পর পর ৩ বার শিকারপুর -উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৫ বছর দায়িত্ব পালন করেন। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় তিনি ছিটকে পড়েন। তার পর থেকে বাবার সম্পত্তি বিক্রি করে রাজনীতি ও জনসেবা করে যাচ্ছেন বামপন্থি ও জনপ্রিয় রাজনৈতিক নেতা আবুল কালাম আজাদ বাদল। জীবনের বেশীর ভাগ সময় অসহায় ও সাধারন মানুষের জন্য কাজ করে যাওয়া দাপুটে জনপ্রতিনিধি এখন নিজেই বড় অসহায় হয়ে পড়েছেন। টানা ক্ষমতার স্বাদ নিয়ে বেশ দাপুটে জনপ্রতিনিধি হয়েও নিজের ভাগ্যর পরিবর্তন করতে পারেনি সৎ ও নীতিবান হওয়ার কারনে। ক্ষমতার স্বাদ পেয়ে উজিরপুরের অনেক রাজনৈতিক নেতারা বিপুল অর্থের মালিক হলেও সরকারী দলের জোটের শরীক দল জাসদ রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ বাদল’র ভাগ্যটা ঠিক উল্টো। তিনি এখন পৈত্রিক সম্পত্তি বিক্রি করে সংসার চালাচ্ছেন।বরিশাল শহরে স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়ার বাসায় থাকেন। তবে উজিরপুর উপজেলাজুড়ে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সে কারনে উজিরপুরের অধিকাংশ মানুষ তাকে নিয়ে এখনো স্বপ্ন দেখছেন। তিনি বড় যে কোন রাজনৈতিক দলে যোগদান করলে তার নিজের জনপ্রিয়তা ও ওই দলের জনপ্রিয়তা একত্রিত করে ভোটের মাঠে কাজে লাগিয়ে নির্বাচিত হতে পারবেন যে কোন জনপ্রতিনিধি পদে। উজিরপুর পৌর এলাকার বাসিন্দা সোহেল হাওলাদার বলেন,‘আবুল কালাম আজাদ বাদল একজন সৎ ব্যক্তি তার নেতৃত্বে ইউপি সদস্য হিসাবে কাজ করেছি। তিনি জনগনের জন্য নিজেকে উজার করে দিয়েছেন। তার মতো সৎ ও ভাল মানুষ উজিরপুরের রাজনীতিতে পাওয়া বড়ই কঠিন। উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের প্রবীন ব্যাবসায়ী হাদিউর রহমান সেলিম খান বলেছেন, ‘আবুল কালাম আজাদ বাদল জনপ্রতিনিধি হিসাবে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। সে উজিরপুর উপজেলাকে সর্বহারা মুক্ত করে জনগনের মন জয় করেছেন।






