১০ বছর পর ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট: September 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি, বগুড়া::

বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান ও পলাতক আসামি নাজিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজিম উদ্দিন সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় (খানপাড়া) এলাকার মৃত হক প্রধানের ছেলে।

মঙ্গলবার র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১১ সেপ্টেম্বর সকালে সোনাতলা এলাকার এক তরুণীকে (২০) বাড়িতে একা রেখে তার বাবা-মা ব্যবসায়িক কাজে বাইরে যান। ওইদিন দুপুর আনুমানিক একটার দিকে অভিযুক্ত নাজিম উদ্দিন ওই বাড়িতে প্রবেশ করে তরুণীকে ধর্ষণ করেন।

একপর্যায়ে ভুক্তভোগীর বড় বোন বাড়িতে আসলে নাজিম কৌশল পালিয়ে যান। এ ঘটনার পরদিন ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়ার একটি দল জানতে পারে আসামি নাজিম উদ্দিন আগুনিয়াতাইড় এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে ১০ বছর পর সোমবার রাত সোয়া ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতার আসামিকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহাবুব