পটুয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ছা/ত্রী নি/খোঁ/জ : দুই দিন পর লা/শ উদ্ধার

আপডেট: November 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 মির্জাগঞ্জ প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজের দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের নিজ বাড়ির অদূরে একটি বাগানের পাশে শুকনো খাঁদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী আর. ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলের পথে রওনা হয় যুথি। কিন্তু পরীক্ষা শেষে সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলে যুথির মা সুবিদখালী বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে মেয়ের বিষয়ে জানতে চান। তাঁরা জানান, সেদিন যুথি পরীক্ষা দিতে বিদ্যালয়ে আসেনি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, মেয়ের নিখোঁজের পর বাড়ির পাশের এক নারী প্রথমে তার জুতা দেখতে পান। বৃহস্পতিবার সকালে ওই নারীকে সঙ্গে নিয়ে তিনি জুতা পাওয়ার স্থানটি শনাক্ত করতে যান। সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাগানের পাশে একটি শুকনো খাঁদে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।

তিনি আরও বলেন, মেয়ের পরনের পোশাক খোলা ও এলোমেলো অবস্থায় ছিল। তাঁর পরিবারের দাবি, যুথির সঙ্গে অমানবিক কিছু ঘটানোর পর তাকে হত্যা করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে একটি বাগানের পাশে খাঁদে ওই ছাত্রীর মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হলেও তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, সিআইডি ও পিবিআইয়ের দল ঘটনাস্থলে এসে অপরাধস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ করছে। এসব কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব