উজিরপুরে সরকারি গাছ হরিলুট : থানায় মামলা দায়ের

আপডেট: November 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

 উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুরে একটি সরকারি সড়কের প্রায় চার কিলোমিটার এলাকার বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায়।

উজিরপুর উপজেলা প্রকৌশলী কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সানুহার থেকে ধামুরা সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। গত ২ নভেম্বর বিকেলে কাজ পরিদর্শন শেষে প্রকৌশলী অফিসে ফিরে যান। পরদিন মঙ্গলবার সকালে ফের পরিদর্শনে গিয়ে দেখতে পান সড়কের মধ্যবর্তী স্থান থেকে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সানুহার থেকে কচুয়া পর্যন্ত সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির গাছ দিনে ও রাতে সমানতালে কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। এর আগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সড়কের সরকারি গাছগুলোতে লাল ক্রস চিহ্ন বা মার্ক করে দিয়ে গিয়েছিল।
এদিকে উপজেলার শোলক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম চাঁন সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীসহ কয়েকজনকে এ ঘটনার জন্য দায়ী করেন। যদিও পরে দলীয় নেতাকর্মীদের অনুরোধে পোস্টটি ডিলিট করে দেন। তবে গাছ কাটার সত্যতা রয়েছে বলে তিনি সংবাদকর্মীদের কাছে স্বীকার করেছেন। তাঁর ভাষ্য, চার শতাধিক গাছ কাটা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উজিরপুর বন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কাটা গাছগুলো সামাজিক বনায়নের আওতায় ছিল না। তবে সাবেক এক সংসদ সদস্য স্থানীয়দের নিয়ে গাছগুলো রোপণ করেছিলেন বলে তিনি শুনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, ‘রাস্তাটি এলজিইডির হলেও গাছগুলো ঠিক কে বা কারা লাগিয়েছিলেন, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু সরকারি জায়গার গাছ চুরি হয়েছে, তাই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণে থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
সম্পাদকঃ শিকদার মাহবুব